করোনা হানা দিয়েছে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। করোনা পজিটিভ এসেছে টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের।
খবরটি একাধিক সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের এক সদস্য।
শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন হেরাথ। বাংলাদেশ স্কোয়াডের অন্যান্য সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন এই লঙ্কান কিংবদন্তি স্পিনার।
নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের প্রথম দুই দফার করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসে। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে হেরাথের।
যার ফলে ৪৩ বছর বয়সী এই স্পিন কোচের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে টাইগাররা যে ফ্লাইটে করে নিউজিল্যান্ড গেছে তার একজন যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। যার কারণে তার আশপাশে বসা বাংলাদেশ দলের ৯ জনেরও আইসোলেশন বাড়ানো হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রথম দিনে বে ওভালে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৯ জানুয়ারি, হ্যাগলি ওভালে।
গত শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে অকল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর ক্রাইস্টচার্চে যায় সফরকারীরা। সেখানেই ৭ দিনের কোয়ারেন্টিনে থাকছে টাইগাররা।
