নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একটি ভবনের নিচ হতে আবদুল কাদের (৩৩) নামের এক যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবককে হত্যা করে ওই ৫ তলা ভবনের নিচে ফেলে যায়। খুন হওয়া যুবক একজন ফুল বিক্রেতা। তার গ্রামের বাড়ি শেরপুরের চাপাতলী এলাকায়। তিনি নারায়ণগঞ্জের খানপুরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ শাহ জামান জানান, নিহত কাদেরের গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত কাদেরের স্ত্রী শারমিন বেগম বলেন, ‘আমার স্বামী ফুলের দোকানে কাজ করতেন। আমার এক সন্তান ক্যানসারে আক্রান্ত। সকালে স্বামীকে বাড়িতে রেখে আমি গার্মেন্টসে কাজে চলে যাই। বিকেলে উনি বাইরে যান। রাত সাড়ে ১১টার দিকে একজন ফোন করে জানায়, আপনার স্বামীকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আমাকে সেখানে যেতে বলেন। হাসপাতালে গিয়ে দেখি উনি মৃত। এই হত্যার বিচার চাই।’
