স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি, পিটিয়ে জখমের অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:০৫ পিএম

ফেনীর সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফয়েজুল ইসলামকে নৌকার সমর্থকেরা অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন দিতে যাওয়ার পথে পৌরসভার ওয়াপদা কলোনির সামনে স্বতন্ত্র প্রার্থীকে এই হুমকি দেয়া হয়।

ফয়েজুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন দিতে যাওয়ার পথে পৌরসভার ওয়াপদা কলোনির সামনে কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে অস্ত্র ঠেকিয়ে তার আবেদনটি ছিনিয়ে নেয় এবং তাকে হত্যার হুমকি দেয়।

তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও আমিরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী।

নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক হিরন ঘটনাটি অস্বীকার করে বলেন, নিজের পরাজয় নিশ্চিত জেনে তিনি খামোখা বিভিন্ন অভিযোগ করছেন।

এদিকে নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে নির্বাচনী পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গোয়ালিয়া গ্রামে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম জহিরের নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে মহি উদ্দিন নামে একজনকে নৌকার সমর্থকেরা বাধা প্রদান করে, কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মহি উদ্দিন পিটিয়ে জখম করেন।

চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা জহিরুল আলম জহির বলেন, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকেরা বাধা প্রদান করে হুমকি ধামকি দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় দেলোয়ারের ছেলে মহিম আমার কর্মীকে পিটিয়ে জখম করেন। বিষয়টি আমি রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলামকে অবহিত করেছি।

নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, নির্বাচনকে বিতর্কিত করতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যা অভিযোগ করেছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী দুজন লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত