ইমনের সঙ্গে চুক্তিবদ্ধ সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৭:২৮ পিএম

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে অডিও ফাঁসের পর থেকেই আলোচনায় চলে আসেন তিনি। সেই অডিওতে নায়ক ইমন ও মাহির সঙ্গে কথা বলেছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী। এদিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন ওমরাহ পালন করতে। ওমরাহ পালন শেষে দেশে ফিরে আবারও কাজে অংশ নিয়েছেন। একটি ছবির ডাবিংয়ে অংশ নিতে দেখা গেছে এই নায়িকাকে।

কথা ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’য়ের কাজ শুরু করবেন তিনি। যে ছবিতে মাহির নায়ক ছিলেন ইমন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহি জানিয়ে দিলেন ছবিটি তিনি করছেন না। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ‘কাগজের বউ’ ওয়েব ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মাহি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখছেন ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বউ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে ‘কাগজের বউ ‘ - এর জন্য অনেক অনেক দোয়া । সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

আগামী ১৭ ডিসেম্বর ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মের শুটিং করার কথা ছিল মাহির। এর আগে ‘মাফিয়া’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছিলেন ইমন-মাহি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত