কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ ও সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে।
জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সোহরাব উদ্দিন নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে এমপি নূর মোহাম্মদের সমর্থকদের মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পাকুন্দিয়া উপজেলা সদর। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় উত্তেজিত কর্মীরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রেনু মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয়।
