হাজীগঞ্জে নির্বাচনে অংশ নেওয়ায় দুই আ.লীগ নেতা বহিষ্কার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০৪ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।

গত ১৭ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মিয়াজী এবং উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ৯নং  গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি।

আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত সোহরাব হোসেন মিয়াজী ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীকে নির্বাচন করছেন।

অপর বহিষ্কৃত রফিকুল ইসলাম মিলিটারি ৯নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি প্রেরিত পত্রের আলোকে এবং আওয়ামী লীগ এর গঠনতন্ত্রের ৪৭ ধারার (ঠ) উপধারা মোতাবেক তাদেরকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

এরপর থেকে তারা দলীয় পদে পরিচয় প্রদান করতে পারবে না বলে পত্রে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত