মোংলায় ডুবন্ত রেকে অয়েল ট্যাংকারের ধাক্কা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৪:১২ পিএম

মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় এম টি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার মূল চ্যানেলের বাইরে গিয়ে ওই এলাকায় ডুবন্ত রেক ওসান ওয়েবের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান মুন্সী জানান, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের সময় ডুবন্ত ওই রেকে ধাক্কা লাগলে ট্যাংকারটির পানির ট্যাংকটি ছিদ্র হয়ে যায়।

তবে তেলের ট্যাংকগুলো সুরক্ষিত রয়েছে বলে ট্যাংকারটির মালিক পক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিষয়ে বন্দরের হিরণ পয়েন্ট পাইলট স্টেশন খবর পাওয়ার পর কোস্টগার্ডের দুবলা স্টেশন ও কোস্ট গার্ডের জাহাজ মুনসুর আলীকে জানানো হয়েছে।

খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের জাহাজ/বোট দুর্ঘটনাস্থলে অবস্থান করছে। 

দুর্ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও পাঠানো হয়েছে।

দুর্ঘটনার শিকার ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

ওই ট্যাংকারের মজুতকৃত তেল অন্য ট্যাংকারে স্থানান্তরের পর দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি উদ্ধার করা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।

ট্যাংকারটির মালিক চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লায়ার লিমিটেড'র আবুল কালাম। ট্যাংকারটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে খুলনায় যাওয়ার পথিমধ্যে মোংলা বন্দরের পুরাতন চ্যানেল এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত