মিরসরাইয়ে জমির বিরোধে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৫:৩৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গার বিরোধের জের ধরে আবুল কাশেম (৫৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাউতকান্দি ইউনিয়নের করুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিরসরাই থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হত্যার ঘটনায় শেখ আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।

নিহতের ছেলে মো. সুমন জানান, শুক্রবার রাতে তাদের বাড়ির পাশের একটি রাস্তায় মাটি ফেলেন শেখ আহমেদ। মাটি ফেলতে গিয়ে শেখ আহমেদ তাদের কিছু জায়গা ভরাট করে ফেলেন। তা দেখে শনিবার সকালে তার বাবার সঙ্গে শেখ আহমেদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে শেখ আহমেদ ও তার ছেলে মো. শাহ পরাগ তার বাবাকে কিলঘুষি মারতে থাকেন। এতে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে মারা যান।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শেখ আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত