বীর শহীদরা এমন বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও বীর শহীদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, তা এখনো স্বপ্নই রয়ে গেছে। ৩০ লাখ শহীদের জীবন আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে দিয়েছে দুটি দল।’
গতকাল শনিবার সকালে রাজধানীর জুরাইন রেলগেটে শ্যামপুর ও কদমতলী জাপা আয়োজিত বিজয় সমাবেশ ও পতাকা মিছিল উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, ‘১৯৯০ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ আর স্বজনপ্রীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশকে বিচ্যুত করেছে। ক্ষমতাসীনরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীদের মাঠেই দাঁড়াতে দিচ্ছে না।
