বিজিবি দিবসে যোগ দিতে ঢাকায় বিএসএফের প্রতিনিধিদল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:২৫ এএম

‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২১’-এর অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতিনিধিদল ঢাকায়। গতকাল শনিবার সকালে বিএসএফ মহাপরিচালক শ্রী পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বিজিবির আমন্ত্রণে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে প্রতিনিধিদলটি।

আজ রবিবার ‘বিজিবি দিবস-২০২১’ উপলক্ষে প্রতিনিধিদলটি রাজধানী পিলখানার বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিতব্য বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান করবে বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল বিমানবন্দরে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলকে উষ্ণ সংবর্ধনা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলাম। তারা বিএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীসহ ভারতীয় প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তরে পৌঁছায় এবং পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এ ছাড়াও বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) প্রধান পৃষ্ঠপোষক সোমা ইসলামের আমন্ত্রণে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওওয়া) একটি প্রতিনিধিদল সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাব কর্র্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার ছাড়াও উভয় সংগঠনের কল্যাণমূলক উদ্যোগ ও সফলতা সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময়ের ফলে বিজিবি ও বিএসএফ পরিবারসমূহ পারস্পরিকভাবে লাভবান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত