নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সোমবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। প্রথম দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আলোচনায় বসছেন সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে আলোচনায় বসছেন প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বঙ্গভবনে সংলাপ শুরু হবে বিকেল ৪টায়,’ ।
তিনি জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে এমন ইঙ্গিত মিলেছে বঙ্গভবন থেকে। মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) সঙ্গে।
তিনি বলেন, মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দলের চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে আলোচনায় বসবেন।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।
বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
