চটপটির দোকানীকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৭:৫৪ পিএম

সাভারে জাকির হোসেন (৩৬) নামে এক চটপটি দোকানদারকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। রবিবার দুপুরে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম।

এর আগে গত ১৫ ডিসেম্বর দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

অপহরণের শিকার জাকির হোসেন চাঁদপুর জেলা সদরের মনসুর দেওয়ানের ছেলে। তিনি সাভারের কাতলাপুরের আমতলা এলাকার শোভার বাড়িতে ভাড়া থেকে উলাইলে চটপটির দোকান করতেন।

ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম বলেন, গত ১৫ ডিসেম্বর ‘আমার স্বামী কাজের উদ্দেশ্য বাসা থেকে বের হন। সেদিন সন্ধ্যায় একটি ফোন থেকে কে বা কারা বাড়িওয়ালা শোভার মোবাইলে ফোন করে বলেন তার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত ৪ লাখ টাকা দিতে হবে। দশ মিনিট পরে আবার একই নম্বর থেকে ফোন আসে। তখন বলে, তার স্বামী জাকির হোসেন চুরি করে ধরা পড়েছে। তার স্বামীকে বাঁচাতে হলে দ্রুত ৪ লাখ টাকা পাঠাতে হবে।

তার স্বামী কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে অপহরণকারীরা বলেন, নারায়ণগঞ্জে রয়েছে। দ্রুত টাকা না পাঠালে তার স্বামীকে হত্যার হুমকিও দেয়া হয়। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে রবিবার সাভার থানায় একটি অভিযোগ করেছি।

সাভার মডেল থানার উপপরিদর্শক আতিকুর রহমান রাসেল বলেন, অপহরণের ঘটনা জানিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত