মিডিয়া অ্যাট্রাকশন পাওয়ার জন্যই সৃজিত এটা বলেছেন: সাকিব

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৫:৫৩ পিএম

বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানাতে চেয়েছেন কলকাতা খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি।

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের শেষ দিনে সৃজিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই আগ্রহ প্রকাশ করেন।

সৃজিতের এই আগ্রহের বিষয়ে সাকিব আল হাসান সম্প্রতি কথা বলেছেন। খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র'কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন, মিডিয়া হাইপ তোলার জন্যই সৃজিত এমন কথা বলেছেন!

সাকিব আল হাসান এক প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ, শুনেছি (সৃজিতের বক্তব্য)। তবে আমার কাছে মনে হয়েছে, মিডিয়া অ্যাট্রাকশন পাওয়ার জন্যই উনি এটা বলেছেন। তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, বলে দিয়েছেন।’

সৃজিত মুখার্জি বায়োপিক বানানোর ঘোষণার দিনে বলেছিলেন, বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তিনি বায়োপিক বানাতে চান। সে জন্যই তিনি সাকিবের খেলা দেখতে মাঠে এসেছেন। সেদিন সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্টও করেন সৃজিত। এ ছাড়া তিনি দুই সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও রকিবুল হাসানের বায়োপিক তৈরিতেও আগ্রহ দেখান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত