সাভারে ১০০ দুস্থ প্রবীণের মাঝে শীতবস্ত্র, ওষুধ ও খাদ্য বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল সোমবার সকালে ডব্লিউএসএমের সহযোগিতায় তাদের প্রত্যেককে ১১ কেজি করে খাবার, বিভিন্ন ধরনের ওষুধ ও কম্বল দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু মো. মঈনুল আহসান বলেন, ‘প্রবীণদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। সমাজের সবাইকে প্রবীণদের সহায়তায় এগিয়ে আসতে হবে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক ডা. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শীবলিজ্জামান, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা প্রমুখ।
