ডিজিটাল আইনের মামলা

জামিন পেলেন বদরুন্নেসার শিক্ষক রুমা সরকার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:১৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে গুজব ও উসকানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহীনুজ্জামান শাহীন ও লাবণী আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘এ মামলায় অভিযোগপত্র দাখিল পর্যন্ত তিনি (রুমা সরকার) জামিনে থাকবেন বলে হাইকোর্টের আদেশে বলা হয়েছে।’

গত ১৯ অক্টোবর বিকেলে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রুমা সরকারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত