করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা দেওয়ার পর বুস্টার ডোজের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কোনো নির্দিষ্ট বক্তব্য দিচ্ছিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুস্টার ডোজে আদৌ কোনো কাজ হবে কিনা এ নিয়েও রয়েছে ব্যাপক বিতর্ক। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করায় বুস্টার ডোজের বিষয়টি ফের প্রাসঙ্গিক হয়ে ওঠে। আর এমন বাস্তবতাতেই বুস্টার ডোজ দেওয়ার সময়সীমার ব্যবধান কমিয়ে আনছে অনেক দেশ।
ডেল্টা ধরনের চেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন। যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন তারাও খুব সহজেই এই ধরনে আক্রান্ত হচ্ছেন, মূলত এমন ঘটনাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু বিজ্ঞানী বলছেন, এখনই বুস্টার ডোজ দেওয়া হলে দীর্ঘমেয়াদে ভ্যাকসিন সুরক্ষা মানবদেহে নাও থাকতে পারে। কারণ ওমিক্রনের সংক্রমণ ও এর গঠন সম্পর্কে এখনো খুব একটা জানেন না বিজ্ঞানীরা। এক ডজনের বেশি গবেষণাগার ইতিমধ্যেই জানিয়েছে যে, করোনার প্রচলিত টিকাগুলোর অধিকাংশই ওমিক্রন ধরনের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারে না। এক্ষেত্রে তারা বুস্টার ডোজের কথা এগিয়ে রাখছেন। দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের গবেষণা বলছে, ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে যে, একাধিক দেশে এটি ছড়িয়ে পড়তে খুব একটা সময় নেয়নি। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই আগে বলেছিল যে, দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাসের মধ্যে বুস্টার ডোজ নেওয়া যাবে না। কিন্তু চলতি মাসে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও থাইল্যান্ড এই সময়ের ব্যবধান তিন মাস কমিয়ে এনেছে। বেলজিয়াম করেছে চার মাস। ফ্রান্স, সিঙ্গাপুর, তাইওয়ান, ইতালি এবং অস্ট্রেলিয়া পাঁচ মাস ব্যবধানে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছু দেশ এখনো ছয় মাস সময়সীমার মধ্যেই আছে।
স্পেন ও লিথুনিয়ার মতো কিছু দেশ ইতিমধ্যেই তাদের নাগরিকদের মধ্যে যারা শারীরিকভাবে দুর্বল ও বয়স্ক তাদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। তবে এশিয়ার বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। ডব্লিউএইচও সম্প্রতি উন্নয়নশীল দেশগুলোকে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিয়েছে।
ভ্যানদারবিল্ট ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম শাফনার বলেন, ‘একাধিক ডোজের ক্ষেত্রে ইমিউন সিস্টেম ভালো কাজ করে। তবে এক্ষেত্রে সময়সীমার ব্যবধানের বিষয়টি গুরুত্বপূর্ণ।’ বায়লোর কলেজ অব মেডিসিনের টিকা বিশেষজ্ঞ পিটার হট্জ বলেন, ‘এসব টিকা আপনাকে হাসপাতালে ভর্তি হওয়ার থেকে বিরত রাখবে।’
