জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্কাস আলী ফকির (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা নায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, বিরোধপূর্ণ জমিতে রোপণকৃত সুপারি গাছ কেটে আনতে যান প্রতিপক্ষ মতিউর রহমান (৪৫)। আক্কাস আলী ফকির বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
একপর্যায়ে আক্কাস আলী ফকিরকে পিটিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা প্রতিপক্ষ মতিউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
