রাজধানীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকার এক বাসা থেকে এ লাশ উদ্ধার হয়।
মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামে ওই তরুণ পটুয়াখালী জেলার মোহাম্মদ মেজবাহ উদ্দিনের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এক সপ্তাহ আগে মহানগর প্রজেক্টে এক আত্মীয়র বাসায় ওঠেন তৌসিফ।
হাতিরঝিল থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, ওই বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তৌসিফের মরদেহ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল তার লাশ। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তৌসিফের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
