বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে আলোচনা এবং ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ প্রদান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে উৎসবের আয়োজক সংগঠন। তারা জানায়, পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা এবং ভাষা সংগ্রামী ও শিক্ষাবিদ প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে স্মরণ করতে ২০১০ সাল থেকে প্রতি বছর এই নাট্য উৎসবের আয়োজন করছে সংগঠনটি।
উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘অনুস্বর’ এর নাটক ‘তিনকড়ি’, পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রি’ এবং শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘রাইফেল’। দ্বিতীয় দিন শুক্রবার মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’ এবং আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’। সমাপনী দিন মঞ্চস্থ হবে থিয়েটার আরামবাগের ‘দ্রৌপদী পরম্পরা’, থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়ষ্য প্রথম দিবসে’ এবং থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’।
এছাড়া উৎসব চলাকালে প্রতিদিন বিকেল সাড়ে ৪ টা থেকে জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
