পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ১২টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে আছে আড়াই হাজার যানবাহন। এতে মধ্যরাত থেকে নিদারুণ কষ্ট করতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও যানবাহন শ্রমিকদের।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, বুধবার রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় রাতের নৈশকোচই পারাপার করা যায়নি।
বৃহস্পতিবার সকালে হাজার হাজার যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
তিনি বলেন, ১৩টি ফেরি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, ছোট যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক ফেরিতে পার করা হচ্ছে।
পাটুরিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া প্রান্তেই দুই শতাধিক যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ও ছোট যানবাহন এক হাজার ২শত এবং পণ্যবাহী ট্রাক আছে আরও এক হাজার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা।
