বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু করোনায় আক্রান্ত হওয়ায় নোয়াখালীতে দলের কর্মসূচিতে যোগ দিতে পারেননি।
শুক্রবার বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত তার বাবার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন ধরে সর্দি-কাশিসহ কিছু লক্ষণ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করালে বৃহস্পতিবার বাবার করোনা পজিটিভ এসেছে।
তবে ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, বাবা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ নোয়াখালীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল বুলুর। করোনা পজিটিভ আসায় তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি।
বরকত উল্লাহ বুলু জানান, নোয়াখালীর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের খালেদা জিয়ার মুক্তির সমাবেশে যোগ দিতে টেলিফোনে নানাভাবে নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক খোঁজ-খবরও রাখছেন তিনি।
