ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নিহতদের স্বজনদের কাছে দ্রুত মরদেহ হস্তান্তর করতে বলেছেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ নির্দেশনার কথা জানানো হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকলেও ঝালকাঠির ঘটনার বিষয়ে প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী।
মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেছেন।
শুক্রবার দুপুর পর্যন্ত লঞ্চ ও নদী থেকে ৩৭ জনের লাশ উদ্ধারের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় অন্তত ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
