বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতিকে ‘অপহরণের চেষ্টা’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৫:২৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে গোপালগঞ্জ ডিসি বাসভবনের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ওই রাতেই তিনি গোপালগঞ্জ সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিনিয়া বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

জিনিয়া জিডিতে উল্লেখ করেছেন, শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে ইসলামপাড়া থেকে রিকশাযোগে নবীনবাগ ফিরছিলাম। আনুমানিক রাত ৮টা ১৫ মিনিটের দিকে ডিসি অফিস এবং পৌরসভার মাঝের প্রধান সড়কে দুজন ব্যক্তি বাইক নিয়ে জোরপূর্বক আমার রিকশা থামায়। যাদের মধ্যে বাইকের পেছনে থাকা ব্যক্তির হাতে ব্যাডমিন্টন বা টেনিসের র‌্যাকেট ছিল। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাকে বাইকে ওঠানোর চেষ্টা করে। তারা সিভিল পোশাকে থাকায় আমি তাদের পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে আমাকে হুমকি প্রদান করে। পরে আমি আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে দৌড়ে নিকটস্থ কাশফুল রেস্টুরেন্টে আশ্রয় নেই। এমন পরিস্থিতি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

জিনিয়া বলেন, এ ধরনের কাজ কে বা কারা করেছে সেসম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকায় অনেক সময় অনেক সংবাদ লেখা হয়, যেগুলো কারও পক্ষে কিংবা বিপক্ষে যায়। তাদের মধ্যে থেকে কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে ধারণা করছি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী সাধারণ ডায়েরি করার পরপরই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

বশেমুরবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. রাজিউর রহমান বলেন, আমরা ঘটনাটি জেনেছি। ওই শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত