সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে: সেমিনারে বক্তারা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:১৭ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এক সেমিনারে বক্তারা ‘ফ্যাসিস্ট রাষ্ট্র’ ব্যবস্থাকে দেশের প্রধান রাজনৈতিক সংকট হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, ফ্যাসিবাদী শাসনের কারণেই দেশে মানবাধিকার নেই, বাক স্বাধীনতা নেই। গুম, খুন, দমন-পীড়ন বেড়েছে- সর্বত্র দলীয়করণের অপচেষ্টা চলছে। সাংবিধানিকভাবেই দেশে বর্তমানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বিএফইউজের চার যুগপূর্তি উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কলামিস্ট ও সমাজচিন্তক, কবি ফরহাদ মজহার। প্রধান আলোচক ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ।

মূল প্রবন্ধে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করবার কথা গণতন্ত্রের। সেখানে গণতন্ত্র কথাটিকে যত্রতত্র নানা অর্থে নানান মতলবে ব্যবহারটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংকট। গণতন্ত্র হয়ে উঠেছে স্রেফ নির্বাচন, যাতে বিরোধী দল ক্ষমতায় যেতে পারে। নির্বাচন মানেই গণতন্ত্র, এই ধারণার আধিপত্য বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করেছে।

গণমাধ্যমের সংকটও মূলত চিন্তা ও বিবেকের স্বাধীনতা থেকে বঞ্চনার সঙ্গে যুক্ত বলে তিনি উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে এখানে ফ্যাসিস্ট মতবাদ গড়ে উঠেছে।

প্রধান আলোচক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে বর্তমানে এক ব্যক্তির শাসন চলছে। পাকিস্তান আমলের আইউব-ইয়াহিয়ার চেয়ে আরও কঠোর ফ্যাসিবাদী শাসন চলছে। এখন আইন-আদালতকে ব্যবহার করে দমন-পীড়নে হচ্ছে। বর্তমান শাসন ব্যবস্থায় গণতন্ত্র নির্বাসনে গেছে। অথচ এসবের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ নেই। বুদ্ধিজীবীরা তল্পিবাহক হয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দলীয় ক্যাডারের ভূমিকা রাখছেন। অধিকাংশ টেলিভিশন চ্যানেল সরকারের গুণকীর্তন নিয়ে ব্যস্ত। সত্য যাতে প্রকাশ না হয়, এ কারণে ভীতি ছড়িয়ে রাখা হয়েছে। সাংবাদিকেরা অতীতের ন্যায় সাহস করে এগিয়ে এলে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, দা ডেইলি নিউ নেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজে মহাসচিব নূরুল আমিন রোকন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত