রাজধানীতে গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে চালু হলো ঢাকা নগর পরিবহন।
রবিবার সকালে মোহাম্মদপুরে ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত এ কার্যক্রমের আওতায় ‘বাসরুট পাইলটিং’-এর উদ্বোধন হয়।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিআরটিসি ডিপোতে এক অনুষ্ঠানে রবিবার ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাসসেবা উদ্বোধনের পর টিকিট কেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম একটি বাসে চড়ে যাত্রা শুরু করেন। তারা ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে গিয়ে নেমে যান।
২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস নিয়ে রেশনালাইজেশনের কার্যক্রম শুরু হলো। ঘাটারচর-কাঁচপুর রুটে বিআরটিসি এবং ট্রান্সসিলভার বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
এই পথের প্রতি কিলোমিটারের ভাড়া হবে দুই টাকা ১৫ পয়সা আর সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা।
