ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ও দগ্ধ ব্যক্তির স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রবিবার আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি করেন।
এতে নিহত প্রত্যেক ব্যক্তির স্বজনদের ৫০ লাখ এবং দগ্ধ প্রত্যেক ব্যক্তির স্বজনদের ২০ লাখ দিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের জন্য কমিটি গঠনে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
ইউনুস আলী আকন্দ বলেন, অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিরা নিরীহ এবং বাংলাদেশের নাগরিক। নৌ-পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার তাদের জীবন রক্ষায় ব্যর্থ হয়েছে, যা সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থী। বিচার বিভাগীয় তদন্ত হলে যাদের অবহেলা এবং ব্যর্থতায় এই প্রাণহানি হয়েছে তাদের চিহ্নিত করা সম্ভব হবে।
