কেন্দ্র দখলের চেষ্টায় প্রতিপক্ষের গুলিতে ১১ জন আহত, আটক ৭২

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:০৫ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ভোট দিতে আসা মা-শিশুসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছে। 

রবিবার উপজেলার দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেম্বার প্রার্থী ওমর ফারুক সজিবের পক্ষের লোকজনকে প্রতিপক্ষের লোকজন কেন্দ্রে আসতে বাধা দিলে সজীবের লোকজন গুলি ছোড়ে।

গুলিবিদ্ধরা হলেন- শিশু আসমা আক্তার, তার মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব ও রাজ। শিশু আসমা ও তার মা ফাতেমাসহ ছয়জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। এ কেন্দ্রে ছয়জন মেম্বার প্রার্থী রয়েছে। তাদের মধ্যে বিরোধ রয়েছে।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্র মারমা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা সাজেদুল ইসলাম জানান, ভোট চলাকালে বিভিন্ন অভিযোগে পুলিশ ৭২ জনকে আটক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত