নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও তিন এমপির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার।
গতকাল রবিবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে গত শুক্রবার জেলা ও মহানগর আওয়ামী লীগ বিজয় সমাবেশ করে। জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মীর্জা আজম, নজরুল ইসলাম বাবু, মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নেতারা বক্তব্য দেন। বক্তব্যের মাধ্যমে তারা সরাসরি মেয়র পদে ভোট চান, যা নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন এবং নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তরায়। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কর্মকর্তাদের কাছে দাবি জানানো হয়।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলা সব প্রার্থীর দায়িত্ব। আবার কেউ আচরণবিধি না মানলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও নির্বাচন কমিশনের আইনি দায়িত্ব। বিজয় সমাবেশের নামে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা করেছে। আমি লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচন কমিশন কী করে তা দেখার অপেক্ষায় রয়েছি।’ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
