পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বচনে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪২) নামে একজন নিহত হয়েছে।
রবিবার সন্ধ্যার পর চরমোন্তাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।
তিনি ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক। র্যাবের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে এমন দাবি পরিবারের। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে এখনো দায়িত্বশীল কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার রাংঙ্গাবালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজমল হোসাইন বলেন, ভোট গণনার সময় কারচুপির অভিযোগ এনে মেম্বার প্রার্থী জিয়া'র কেন্দ্র এজেন্ট ফলাফল ঘোষণায় বাধা প্রদানসহ বিশৃঙ্খলা তৈরি করে।
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ফলাফল ঘোষণা করে চলে আসার পথে মেম্বার প্রার্থী জিয়া'র সমর্থকরা লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তিনি নিজেসহ বেশ কজন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন। প্রশাসন এসে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছে।
