শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরদারের ওপর হামলা হয়েছে। আহত অবস্থায় তিনি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
সোমবার দুপুর ১২টার দিকে ইউপির পন্ডিতসার বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজ সরদার।
আজিজ সরদার (৬০) ইউপির কলারগাঁও গ্রামের হাজী মহর আলী সরদার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আগামী ৫ জানুয়ারি ওই ইউপির নির্বাচন হবে।
স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন ফকিরের (মোটরসাইকেল) কর্মীসমর্থকরা চেয়ারম্যান প্রার্থী আজিজ সরদারের (চশমা) ওপর এই হামলা করে। আজিজ সরদার এলাকায় নির্বাচনী প্রচারণা করতে এক সমর্থকের মোটরসাইকেলের পেছনে বসে পন্ডিতসার বাজার দিয়ে যাচ্ছিলেন।
হঠাৎ মোটরসাইকেল থামিয়ে তার ওপর হামলা করা হয়। তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আব্দুল আজিজ সরদারের সমর্থক জসিম দেওয়ান বলেন, চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন ফকিরের সমর্থক রাশেল শেখ, ডলার শেখ, আলমগীর বেপারী, অলিলসহ ১০/১৫ জন আমার প্রার্থী আজিজ সরদারের ওপর এই হামলা করে।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন ফকির বলেন, পন্ডিতসার বাজারে মোটরসাইকেল ও চশমা সমর্থকদের মধ্যে ঠেলাধাক্কা হয়েছে শুনেছি। বিষয়টি বিস্তারিত জানি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার লোকজন আমার ওপর যে অভিযোগ করছে এটা সঠিক নয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ডিঙ্গামানিক ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে শুনছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তথ্য নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।
