নিরাপদ নৌভ্রমণ নিশ্চিতসহ ৬ দফা দাবিতে বরগুনায় মানববন্ধন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০২:৫১ পিএম

নিরাপদ নৌভ্রমণ, যাত্রী অধিকার সংরক্ষণ, দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বরগুনা প্রেস ক্লাবের চত্বরে বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে যাত্রী সুরক্ষায় ৬ দফা দাবি তুলে ধরেন আয়োজক কর্তৃপক্ষ।

দাবিগুলো হলো- প্রত্যেক দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে হবে, আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করতে হবে, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না।

এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বরগুনা প্রেস ক্লাব, জাগোনারী, লোকবেতার, অগ্রগামী, নারী শক্তি, সাইক্লিং সোসাইটি বরগুনা, চাইল্ড হ্যাবেন একাডেমি বরগুনা, বরগুনা সাইকেলিং কমিউনিটি, সানমুন একেডেমিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনাতে লঞ্চ সিন্ডিকেট বন্ধ করতে হবে, যাত্রীদের নিরাপদে যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা জোর দাবি জানান।

বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি সভাপতি সঞ্জীব দাস বলেন, বরগুনাতে কোন লঞ্চ সিন্ডিকেট থাকবে না সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্ত রঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, উন্নয়ন কর্মী ডিউক ইবনে আমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত