লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৬:৫৪ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে নিখোঁজ স্বজনদের নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি ঝালকাঠি ফরেনসিক বিভাগের একটি দল। 

সোমবার বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি পৌর মিনিপার্ক এলাকায় অস্থায়ী ক্যাম্প বসিয়ে সিআইডির কর্মকর্তারা নিখোঁজ স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেন।

এর আগে সকালে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে সকালে নিখোঁজদের স্বজনদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে জেলা তথ্য অফিস। এ পর্যন্ত মনির ও জনি নামের দুজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বিকেল সাড়ে ৪টার দিকে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিআইডির পুলিশ সুপার মো. হাতেম আলী।

ডিএনএ নমুনা দিতে আসা ঢাকার মনির হোসেন জানান, লঞ্চ দুর্ঘটনায় আমার বোন, ভাগ্নি ও ভাইয়ের ছেলেসহ চারজন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতেই আমি ডিএনএর নমুনা দিয়েছি।

ঝালকাঠি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার বলেন, আমরা নিখোঁজদের পরিবারের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করেছি। যেহেতু যাত্রীদের বেশিরভাগই বরগুনার ছিল সেহেতু সেখানেও ডিএনএ পরীক্ষার নমুনা নেয়া হচ্ছে।আমরা আজকের নমুনা পরীক্ষার ফলাফল আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে দিতে পারব।

এদিকে দুপুরে ফায়ার সার্ভিস ফরেনসিক বিভাগের তিন সদস্যের একটি দল পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শন করেছে।
এ সময় তারা বলেন, পরিদর্শন করে আমরা আগুন লাগার রহস্য বুঝতে পেরেছি, কিন্তু অন্যদের মতো করে আমরা বিষয়টি বলতে পারি না। আগুন লাগার কারণ আমাদের বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে হবে। কীভাবে আগুন লেগেছে কীভাবে ছড়িয়েছে, সবকিছু আমরা বলতে পারব। আমরা অল্পদিনের মধ্যেই এ তদন্ত রিপোর্ট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে জমা দেব। সেই রিপোর্টেই বিস্তারিত জানাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত