মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার নাম বাদ দিয়ে মামলা নিয়েছে রাজৈর থানা-পুলিশ। পরে মামলায় প্রধান আসামি চেয়ারম্যানের ছেলে সোহেল মোল্লাসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নাজমুল হোসেন।
রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, সোমবার রাতে মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
নামীয় আসামিদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গেল ২৬ ডিসেম্বর রবিবার বিকেল ৩টার দিকে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালীন গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে।
এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লা ও ছেলে সোহেল মোল্লা তার উপর চড়াও হয়। একপর্যায়ে গোলাম রাব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় রাব্বানী ফেরাতে গেলে তার ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। এতে রাব্বানীর আরও দুই কর্মী আহত হয়।
নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ে হেরে যান।
