নিরাপত্তা সহযোগিতা: মার্কিন সিদ্ধান্তের আগে স্বার্থ রক্ষায় আলোচনা চায় বাংলাদেশ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০২ এএম

নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ আলোচনা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেছেন, দেশের নিরাপত্তা স্বার্থ রক্ষা নিশ্চিত করতেই এই আলোচনা করা প্রয়োজন।

মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো অভিযোগ থাকলে এবং তারা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন আমাদের জানায়। আমরা যুক্তরাষ্ট্রকে এ কথা জানাব।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি বলে, তাদের কাছে কোনো সংস্থার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য আছে, বাংলাদেশ তথ্যের উৎস সম্পর্কে জানতে চাইবে। সেসব অভিযোগের বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং গৃহীত ব্যবস্থা ব্যাখ্যা করার জন্য আমরা পর্যাপ্ত সময় চাইব।’

মাসুদ বিন মোমেন জানান, বৈঠকে লিহি আইন নিয়ে আলোচনা করা হয়। এ আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশি নিরাপত্তা বাহিনীতে তাদের অর্থায়ন নিয়ন্ত্রণ করে।

আইনটি আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। ১ ডিসেম্বর বাংলাদেশকে দেওয়া এক চিঠিতে যুক্তরাষ্ট্র জানায়, নিরাপত্তা সহযোগিতায় সহায়তার জন্য ঢাকাকে লিহি আইনে লিখিত সম্মতি জানাতে হবে।

মার্কিন সরকারকে জানাতে হবে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে।

বাংলাদেশকে ১৫ ডিসেম্বরের মধ্যে চিঠির জবাব দিতে বলা হলেও, ঢাকা এখন প্রতিক্রিয়া জানাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে।

মোমেন এ বিষয়ে বলেন, ‘আমরা আলোচনা করেছি। ৩১ ডিসেম্বরের মধ্যে আইনে আমাদের সম্মতি জানানোর আগে আরও কিছু কাজ করতে হবে।

এ সময় স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত