কাল থেকে দেশব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০১:৪৮ এএম

সারা দেশে একযোগে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু হচ্ছে বৃহস্পতিবার। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ০২ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বইমেলা আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি জেলায় ৩ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, অতিরিক্ত সচিব অসীম কুমার দে, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ঢাকা জেলায় গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বরে এবং দেশব্যাপী বিভাগীয়/জেলা সরকারি গণগ্রন্থাগার চত্বর অথবা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত