দুমকিতে প্রতিবেশীদের অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা ওষুধ ব্যবসায়ী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে প্রতিবেশী বিভিন্নজনের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা জুলফিকার নামে এক ওষুধ ব্যবসায়ী।

সম্প্রতি লেবুখালী বিশ্ববিদ্যালয় এলাকায় তার ব্যবসা-প্রতিষ্ঠান ও বসতঘরে তালা দিয়ে রাতের আঁধারে স্ত্রী-সন্তান নিয়ে তিনি উধাও হয়ে গেছেন। বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও।

এ ঘটনায় পাওনাদাররা শনিবার সন্ধ্যায় দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারা ওই প্রতারককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের হেমায়েত উদ্দিনের ছেলে মো. জুলফিকার আলী পেশায় একজন ওষুধ ব্যবসায়ী।

লেবুখালী পাগলার মোড় এলাকায় একটি ওষুধের ফার্মেসি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসাও করতেন।

ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে তিন বছর আগে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর কাছ থেকে সোনালী ব্যাংক ও ইসলামি ব্যাংকের চেক বন্ধক রেখে প্রায় অর্ধ কোটি টাকা নেন।

পাওনাদাররা তাদের টাকা চাইতে গেলে আজ দেব-না, কাল বলে নানা অজুহাত দেখাতেন। একপর্যায়ে কাউকে কিছু না বলে গত বৃহস্পতিবার দোকান ও বসতঘরে তালা দিয়ে রাতের আঁধারে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যান।

লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সোহরাব গাজী অভিযোগ করে বলেন, ব্যবসার কথা বলে সোনালী ও ইসলামী ব্যাংকের চেক জমা রেখে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১৬ লাখ টাকা নেয়।

পরবর্তীতে টাকা চাইতে গেলে নানান টালবাহানা শুরু করেন। একপর্যায়ে শুনি তিনি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।

মো. আবুল বাশার গাজী নামে আরেক পাওনাদার বলেন, ব্যবসার কথা বলে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা ধার নেয়। একপর্যায়ে আমার টাকা না দিয়ে স্ত্রী সন্তান নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়।

এছাড়াও অরও অনেকের কাছ থেকে ব্যবসার কথা বলে টাকা নিয়ে লাপাত্তা ওই ব্যবসায়ী।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে কোথায় পালিয়ে গেছে তা বলা যাচ্ছে না। তবে আমরা ওই প্রতারককে খুঁজে বের করার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত