ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটী এলাকায় বাদল ফকির (৪৯) নামে এক ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার মধ্যরাতে ঘরে ঢুকে তাকে পিটিয়ে আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন আহত বাদল ফকিরের মা।
বাদল ফকিরের পরিবার জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরে বাদল ফকির ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক বারোটার সময় বাদলের ঘরের জানালা ও দরজা ভেঙে প্রবেশ করে ৬ দুর্বৃত্ত। এ সময় তারা বাদলের হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ১ লাখ ৭২ হাজার টাকা ও দুটি স্বর্ণের আংটি লুট করে নেয়। যাওয়ার সময় তারা বাদল ফকিরকে পিটিয়ে আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় দোহার থানায় আহত বাদল ফকিরে মা মোসাম্মৎ নুরজাহান বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।
দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহত বাদল ফকির দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরকুসুমহাটি গ্রামের শাহজাহান ফকিরের ছেলে এবং মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী।
