২৪ ঘণ্টায় বেড়েছে করোনা সংক্রমণ ও শনাক্তের হার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা একই রয়েছে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা সংক্রমণ হয়েছে ৪৯৫ জনের।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৬৩ জন। এছাড়া, এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনের করোনা শনাক্ত হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হার ছিল ২.১০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় একজন পুরুষ মারা গেছেন এবং তিনি ঢাকা বিভাগের।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত