এ সরকারে বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, এখন আমাদের সময় এসেছে, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে। আওয়ামী সরকার জনগণের অধিকার হরণ করেছে। বিএনপির নেতা কর্মীদের খুন ও গুম করেছে। দেশের মানুষ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
বুধবার দুপুরে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপির এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ঝিনাইদহ বিএনপির সমাবেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির নেতা কর্মীরা আর বসে থাকতে চায় না। এ সরকারের পতন পথ তৈরি হয়ে গেছে। গণতন্ত্রের আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিচ্ছে। দ্রুত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার করতে রাজপথের আন্দোলন আরও জোরদার করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এসএম মশিয়ুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এ্যাড. এম এ মজিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।
বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরু হয়। এর আগে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গা থেকে হাজার হাজার নেতা কর্মী বিএনপির সমাবেশ হাজির হয়।
