ছাত্রীর করা যৌন হয়রানির অভিযোগের মামলায় গেপ্তার হওয়ার পর ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ ডা. মো. দৌলতুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার ওই সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্তের বিষয়টি জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, যৌন হয়রানির বিষয়ে শেষ বর্ষের এক শিক্ষার্থীর অভিযোগের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলেজের যৌন নিপীড়ন সংক্রান্ত গঠিত কমিটি তা তদন্ত করছে।
এই পরিপ্রেক্ষিতে ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর করা মামলায় ঢাকা থেকে হলি ফ্যামিলির সহকারী অধ্যাপক সালাউদ্দীন চৌধুরীকে আটক করে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাজধানীর রমনা থানায় মামলাটি করার আগে ২২ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় জিডি করেছিলেন কলেজের শেষ বর্ষের ওই ভুক্তভোগী ছাত্রী।
মামলার বাদী বলেন, “স্যার আমাকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নিয়েও পড়াননি। পড়ার জন্য তিনি আমাকে বারবার তার বাসায় যেতে বলেন, যাতে আমি রাজি হইনি।”এরপর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওই শিক্ষক তাকে নানাভাবে ‘কুপ্রস্তাব’ দিয়ে বাসায় যেতে বলেছিলেন বলে ওই ছাত্রীর অভিযোগ।
তিনি বলেন, “এতে রাজি না হওয়ায় দুটি প্রফ পরীক্ষায় তার কোর্সে পরপর দুইবার ফেল করিয়ে দেন। প্রথমে মান-সম্মানের ভয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ না করলেও পরে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”
