ঘুষ ছাড়া কাজ করেন না ভূমি অফিসের ‘বাবু সাহেব’, ভিডিও ভাইরাল (ভিডিও)

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:৪৮ পিএম

রাজবাড়ী সদর উপজেলার ভূমি অফিসের হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকারের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে।

অভিযোগ রয়েছে, ঘুষ ছাড়া কোনো কাজ করেন না রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার। তিনি বাবু সাহেব নামে পরিচিত। অনিয়ম, ঘুষ বাণিজ্য ও হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নামজারি, মিসটেকসহ গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষ তার হয়রানির শিকার হন।

নাম প্রকাশের অনিচ্ছুক বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, টাকা ছাড়া কোনো কাজই হয় না তার দপ্তরে। ‘স্যারকে ম্যানেজ করে’ যেভাবেই হোক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কাজ বুঝে টাকা নেন এই বাবু। এদিকে গোপনে ধারণ করা এই কর্মকর্তার ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।

ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর উপজেলার ভূমি অফিসে নিজের কক্ষে চেয়ারে বসে আছে বাবুল। তার সামনে টেবিলের ওপাশে বসে আছে একজন বয়স্ক লোক। তিনি ঘুষ দেন বাবু সাহেবকে। টাকা গুনে গুনে নিজের টেবিলের ড্রয়ারে রাখেন বাবুল। তবে টাকা পাবার পরও কাজ করতে নেতিবাচক মনোভাব পোষণ করলে বাবুলকে শান্ত করার চেষ্টা করেন একজন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায় এ বিষয়ে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে শোকজ করেছে। আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত