কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সঙ্গে এক বিএনপি নেতার ফোনালাপ ফাঁসের পর তাকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। গতকাল বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের নিউমার্কেট এলাকার স্বাধীনতা চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। এ সময় রোশন আলীকে অবাঞ্ছিত ঘোষণাসহ তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
দেবিদ্বারের বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনের সঙ্গে আওয়ামী লীগ নেতা রোশন আলী মাস্টারের একটি ফোনালাপ সম্প্রতি ফাঁস হয়েছে। যেখানে তাকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করতে শোনা গেছে। ওই ফোনালাপে তিনি বলেন, ‘এ দেশে টাকা দিলেই নমিনেশন পাওয়া যায়, মন্ত্রিত্ব পাওয়া যায়, যারা নৌকা করেন, তারা রাজাকারের বাচ্চা। বিরোধী দল মাঠে নেই বলেই দেশ একতরফা চলছে, দেশের এ অধঃপতন।’
এই ফোনালাপের একটি অডিও ক্লিপ গত সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে কুমিল্লা আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা মহলে সমালোচনা শুরু হয়।
