নির্বাচন কমিশনকে বোবা ও অন্ধ হলে চলবে না: তৈমূর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৪৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি যা বলি, কাগজ কলমে প্রমাণ নিয়েই কথা বলি, ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না। সিটি করপোরেশনের অনেক ডকুমেন্ট আমার হাতে আছে।

ট্যাক্স বৃদ্ধির বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূরের বক্তব্যকে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী ‘স্ট্যান্ডবাজি’ মন্তব্য করায় তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্ত ভাবেই নির্বাচনে আছে। আমি মনে করি, এটা একটি গণবিপ্লব হতে যাচ্ছে। এই বিপ্লবে জনগণের জয় হবে ইনশা আল্লাহ।’

নৌকার প্রার্থীর সাউন্ড সিস্টেমের প্রচারণার বিষয়ে তৈমূর আলম বলেন, উচ্চশব্দে গান বাজিয়ে প্রচারণার বিষয়টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীরা বলে, শব্দ দূষণের কারণে বারো বছর হায়াৎ কমে যায়। নির্বাচনী প্রচারণা চালাতে, টাকার জোড়ে কেউ যদি সাউন্ড সিস্টেম দিয়ে প্রচারণা চালায়, তাহলে এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে বোবা ও অন্ধ হলে চলবে না। তাদের চোখ-কান খোলা রেখে, নির্বাচনটা পরিচালনা করতে হবে। তবেই নির্বাচনটা সুষ্ঠু হবে। আমি মনে করি, যেখানেই আচরণবিধি লঙ্ঘন হবে, সেখানেই নির্বাচন কমিশনের দায়িত্ব এটাকে প্রতিহত করা। নতুবা আচরণবিধি লঙ্ঘন হতেই থাকবে।

হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, সরকারি দলতো সব সময় সরকারি আমলাদের সুবিধা পায়। সেটাকে তারা যেন কাজে না লাগাতে পারে, সে জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

আওয়ামী লীগের কারও কারও সঙ্গে আপনার আঁতাত অভিযোগ আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তৈমূর আলম খন্দকার বলেন, আমিতো জনগণের প্রার্থী, আমাকে সর্বস্তরের জনগণের কাছে যেতেই হবে। আপনারা যদি সরকারি দলের কথায় এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাহলে এটা আমার জন্য ব্যাঘাত সৃষ্টি হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান রোজেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত