ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয় দলটির নেতাকর্মীদের। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর শহরের কোর্ট চত্বরে ‘ভোটাধিকার হরণ করার’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে বাধা দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন প্রমুখ ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ সরকার রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতায় আসীন হয়েছে। এ অবৈধ সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উৎখাত করতে হবে। তারা এ সময় বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যাবস্থা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় গণআন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন।
