ভারতের বিপক্ষে হেরে সেমি থেকে বিদায় বাংলাদেশের যুবাদের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:৫৭ পিএম

২০২০ সালে ভারতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। বছর শেষ হওয়ার আগে আরেকটি সুখবর এনে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন বাংলাদেশের যুবারা।

কিন্তু সেই ভারত প্রতিশোধ নিল যুব এশিয়া কাপের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১০৩ রানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন শায়েক রাশেদ। ১০ নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে ৩ চারে ২৮ রানের ক্যামিও উপহার দেন ভিকি ওস্তাল। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান আসে অধিনায়ক যশ ডালের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাকিবুল হাসান। একটি করে উইকেট ভাগাভাগি করেন তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান, মেহেরব হাসান ও আরিফুল ইসলাম।

জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই লড়ে গেছেন আরিফুল ইসলাম। শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তিনি। আরিফুলের ৭৭ বলে ৪২ রানের ইনিংসটি সাজানো ছিল এক চারে।

৩৮.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম। ১৬ রান এসেছে অধিনায়ক রাকিবুলের ব্যাট থেকে।

ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন রাজবর্ধন হানগারগেকার, রবি কুমার, রাজ বাউয়া ও ভিকি ওস্তাল।

যুব এশিয়া কাপের ফাইনাল হবে শুক্রবার (৩১ ডিসেম্বর), দুবাইতে। শিরোপা লড়াইয়ে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দিনের আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল ২২ রানে হারিয়েছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত