জানুয়ারিতে টিকা নিয়ে ডিসেম্বরে আক্রান্ত অভিনেত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পিএম

সারা বিশ্বের মতো ওমিক্রন আতঙ্কে নাজেহাল হয়ে পড়ছে ভারতও। এক-এক করে রাজ্য আংশিক লকডাউনের পথে হাঁটছে। বৃহস্পতিবার পাওয়া গেল ১৯৯০ দশকের বলিউড অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর।

‘হাম’, ‘আঁখে’-খ্যাত শিল্পা শিরোদকার সোশ্যাল মিডিয়ায় করোনা পজিটিভ রিপোর্টের খবর দেন।

শিল্পাই প্রথম অভিনেত্রী বলিউডে যিনি করোনার টিকা নিয়েছিলেন। কিন্তু বছর শেষে আক্রান্ত হলেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে দুবাইতে সিনোফার্ম ভ্যাকসিন নিয়েছিলেন শিল্পা।

ইনস্টাগ্রামে শিল্পা লেখেন, ‘কভিড পজিটিভ! চতুর্থ দিন। সবাই সাবধানে থাকুন। করোনার ভ্যাকসিন নিন আর সব নিয়ম মেনে চলুন। আপনার সরকার জানে কোনটা আপনার জন্য ভালো। সবাইকে ভালোবাসা।’

সম্পর্কে তেলেগু অভিনেতা মহেশ বাবুর শ্যালিকা হন শিল্পা অর্থাৎ এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকারের বোন তিনি।

জানুয়ারিতে শিল্পা লিখেছিলেন, ‘ভ্যাকসিন নিয়েছে নিজেকে সুস্থ রাখতে… নিউ নরমাল… আমি তৈরি ২০২১-র জন্য… ধন্যবাদ দুবাই।’

অভিনয় ক্যারিয়ারে ১৩ বছর বিরতি নিয়ে ২০১৩ সালে টিভি সিরিজে ফেরেন শিল্পা। এরপর তাকে হিন্দি ভাষার প্রধান কয়েকটি চ্যানেলে দেখা যায়।

শিল্পা ছাড়াও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বলিউড তারকারা হলেন নোরা ফাতেহি, অর্জুন কাপুর ও রিয়া কাপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত