যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ছড়িয়ে পড়েছে ভয়ংকর দাবানল। পুড়ে গেছে শত শত ঘরবাড়ি। সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার লোককে।
উত্তর ডেনভারের বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার কারণে মৃত্যু ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লুইসভিল ও সুপ্যেরিয়র শহরের প্রায় ৩০ হাজার অধিবাসীকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলেছে কর্তৃপক্ষ। রাজ্যের গভর্নর জেয়ার্ড পোলিস জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি জানান, ‘আমরা আশা করি, বাতাস থেমে যাবে, আবহাওয়া পরিবর্তন হবে। কিন্তু যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেনে রাখুন, আপনারা একা নন।’
এদিকে, ঐতিহাসিক খরার পর ১০৫ মাইল (১৬৯ কিলোমিটার) বেগে বয়ে যাওয়া বাতাসে ওই অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা।
কলোরাডোতে পূর্ববর্তী দাবানলগুলো হয়েছে গ্রামীণ অঞ্চলে। কিন্তু এবার শহরতলিতে ছড়িয়ে পড়েছে আগুন।
দাবানলে কেবল ঘরবাড়ি নয়, পুড়ে গেছে একটি শপিং কমপ্লেক্স এবং একটি হোটেল।
