নিউজিল্যান্ডে অতীতের খারাপ রেকর্ড সত্ত্বেও আশাবাদী মুমিনুল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ পিএম

রাত পেরোলেই নতুন বছর। ২০২৩ সালের প্রথম সকালে যখন সবাই ব্যস্ত থাকবে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশে, তখন মুশফিকুর রহিম-মুমিনুল হকদের নামতে হবে আরেক লড়াইয়ে।

বছরের প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে কিউইদের বিপক্ষে পরীক্ষা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ০১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ।

সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে টেস্টে কঠিন সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা।

এমনিতে কিউইদের বিপক্ষে টেস্টে পারফরম্যান্স অত ভালো নয় মুমিনুলদের। তার মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে ৯ টেস্ট খেলে সবক’টিতেই হেরেছে বাংলাদেশ। এদিকে এই সফরে যাননি অলরাউন্ডার সাকিব আল হাসানও।

তবে অতীতের খারাপ পারফরম্যান্স সত্ত্বেও কিউইদের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী মুমিনুল। প্রথম টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের অতীত রেকর্ড নিয়ে চিন্তা করার কোনো মানে নেই। অতীতে কি হয়েছে তারচেয়ে বরং নতুন বছরে ভালো শুরুর অপেক্ষায় আমি খুবই উচ্ছ্বসিত। ভালো শুরু পরবর্তী চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, নিউজিল্যান্ডে আমরা ভালো করিনি। তবে বর্তমানে ভালো করতে হলে আশাবাদী হওয়াও ভালো। যখন আমরা দল হিসেবে খেলি তখন ভালো করি। যদি আমরা এক না হয়, তবে আমরা ভালো ফলাফলের চিন্তা করতে পারব না। আমাদের জন্য নিউজিল্যান্ড সব সময় চ্যালেঞ্জের। বিশেষ করে তাদের পেস আক্রমণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত