নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশে বর্তমান যে সঙ্কট চলছে তা নির্বাচন কমিশন গঠনের সঙ্কট নয় বা আইন তৈরি করারও সঙ্কট নয়। প্রধান যে সঙ্কট, সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে।
ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এই সংলাপকে অর্থহীন মনে করছি। বর্তমান রাজনৈতিক সঙ্কট সেটি কোনো নির্বাচন কমিশন গঠনের সঙ্কট নয় বা আইন তৈরি করারও সঙ্কট নয়। প্রধান যে সঙ্কট সেটি হচ্ছে, নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে? সেটি হচ্ছে প্রধান সঙ্কট।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যদি আওয়ামী লীগ সরকার থাকে, তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে না। অর্থই হতে পারে না।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারে থাকতে হবে। যারা নিরপেক্ষভাবে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বন্দি অবস্থায় অত্যন্ত অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সেই সময় ছাত্রদলের নেতারা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন।’
‘পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত শেষে নেতাকর্মীরা শপথ নিয়েছেন। দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসার আন্দোলন আরও বেগবান করবে এবং ২০২২ সালে তারা সফল হবে’ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আজ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি উপলক্ষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করার অনুমতি চাওয়া হলে প্রশাসন থেকে মাত্র ৪০ জন নেতাকর্মী আসার অনুমতি দেয়।’
তিনি বলেন, ‘এ জায়গার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে। আমরা চাইনি এখানে কোনো বিশৃঙ্খলা হোক। এজন্য প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই থেকেছি।’
