গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৩:২২ পিএম

ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে মেইন লাইন ব্লক হয়ে যায়।

এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করে।

স্টেশন মাস্টার আরও বলেন, এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দেয়া হয়েছে। উদ্ধার ট্রেন গিয়ে কাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

তবে মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতা ট্রেনটির ইঞ্জিন নিয়ে ট্রেনটি উদ্ধারেরও বিকল্প প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত